আন্তর্জাতিক ডেস্ক: চীনকে বিভাজনের প্রচেষ্টাকারীদের পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
মঙ্গলবার, ন্যাশনাল পিপল’স কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সমাপনী ভাষণে এ হুঁশিয়ারি দেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি আরো বলেন, এজন্য প্রয়োজনে ‘রক্তক্ষয়ী লড়াই’ চালাতেও প্রস্তুত রয়েছে চীন।
গ্রেট হলে তিন হাজার প্রতিনিধির উপস্থিতিতে শি জিন পিং বলেন, “দেশকে বিভক্ত করতে চালানো সব ধরনের কর্মকাণ্ড ও কৌশলকে ব্যর্থ করা হবে। এছাড়াও তিনি তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন থেকে বিচ্ছিন্ন হতে চাইলে ঐতিহাসিক শাস্তি পেতে হবে।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের তাইওয়ানে যাওয়ার অনুমতি দিয়ে নতুন বিধি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই চীন বিভক্তিকরণ নিয়ে এ হুঁশিয়ারি দিলেন শি জিনপিং। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তাইওয়ান প্রশ্নে এই প্রথম কথা বললেন তিনি।















