সিলেট সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে তুচ্ছ ঘটননাকে কেন্দ্র করে কদর চান বিবি (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুর ১২টায় সময় তার মৃত্যু হয়।
নিহত কদর চান বিবি বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর স্ত্রী। এ ঘটনায় তার স্বামী জহুর আলী (৭০) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর সাথে একই গ্রামের জিন্নত আলী ও আব্দুল মজিদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জিন্নত আলী ও আব্দুল মজিদের লোকজন জহুর আলী ও তার স্ত্রী কদর চান বিবিকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কদর চানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে কদর চান বিবির মৃত্যু হয়।
এ ব্যাপারে বাহুবল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।















