ঢাকা সংবাদদাতা:প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। পুলিশসূত্র জানায়, অস্ত্র পরীক্ষা করতে গিয়ে গুলি ছুটে গিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন) ২ এর কনস্টেবল রহিমউদ্দিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার মধ্যরাতে ডিউটি পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে।
এসপিবিএন-২–এর পুলিশ সুপার সেলিম খান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিল রহিমউদ্দিন। ডিউটি পরিবর্তনের সময় নিয়মমাফিক অস্ত্র পরীক্ষা করতে হয়। এসময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমউদ্দিনের বুকের ডানপাশে লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শেরে বাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে।















