কাউন্সিল ট্যাক্সের বাড়তি ব্যয় থেকে স্বস্তি পেতে আবেদন করুন

22

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাসিন্দাদের জন্য কাউন্সিল ট্যাক্স কস্ট অব লিভিং রিলিফ ফান্ড-এর মাধ্যমে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করছে, যাতে চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব কমানো যায়। এই তহবিলের আওতায় যোগ্য পরিবারগুলো কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির অতিরিক্ত অংশ থেকে স্বস্তি পেতে পারেন।

এই সহায়তা বিশেষভাবে সেইসব পরিবারের জন্য, যাদের বার্ষিক সম্মিলিত পারিবারিক আয় ৬০ হাজার পাউন্ডের কম এবং যারা বর্তমানে কাউন্সিল ট্যাক্স রিডাকশন পাচ্ছেন না। যোগ্য আবেদনকারীদের জন্য তহবিলটি কাউন্সিল ট্যাক্সের ২.৯৯ শতাংশ বৃদ্ধি সমপরিমাণ অর্থ অফসেট করতে সহায়তা করবে, যার ফলে অনেক পরিবারকে অতিরিক্ত এই ব্যয় বহন করতে হবে না।

সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীর নাম অবশ্যই কাউন্সিল ট্যাক্স বিলে থাকতে হবে। পরিবারের মোট সঞ্চয়ের পরিমাণ ১৬ হাজার পাউন্ডের  কম হতে হবে এবং আবেদনকারীকে ১ এপ্রিল ২০২৪-এর আগে থেকে টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী এবং কাউন্সিল ট্যাক্স বিলে নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।

আবেদনের সময় কাউন্সিল ট্যাক্স অ্যাকাউন্ট নম্বর, পারিবারিক আয়ের প্রমাণ, প্রয়োজন অনুযায়ী মার্চ ও এপ্রিল ২০২৬-এর পে-স্লিপ, স্বনিযুক্তদের হিসাব বিবরণী এবং ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীদের সর্বশেষ স্টেটমেন্ট জমা দিতে হবে।

২০২৬-২৭ অর্থবছরে সম্পত্তির কাউন্সিল ট্যাক্স ব্যান্ড অনুযায়ী সর্বোচ্চ অনুদানের পরিমাণ ৭২.১৫ পাউন্ড থেকে ২১৬.২৩ পাউন্ড  পর্যন্ত হতে পারে। একক ব্যক্তি ছাড় (২৫% ডিসকাউন্ট) প্রাপ্ত পরিবারের ক্ষেত্রে অনুদানের পরিমাণ ভিন্ন হবে।

কাউন্সিল বাসিন্দাদের স্মরণ করিয়ে দিয়েছে যে আবেদন প্রক্রিয়া চলাকালেও নির্ধারিত সময়ে কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে হবে।

যেসব বাসিন্দা মনে করেন তারা এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন, তাদের যত দ্রুত সম্ভব আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন:

www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/cost-of-living/Council-Tax-Cost-of-Living-Relief-Fund.aspx