পুরোনো কারাগারের আশপাশে চলাচলে শিথিলতা

887

ঢাকা সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেখানে বন্দি করে রাখা হয়েছে, সেই পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারের আশপাশের রাস্তায় জনসাধারণ ও যান চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে ও আশপাশের এলাকায় পুলিশের পাঁচটি চেকপোস্ট বসানো হয়। কারাগারের সামনে দিয়ে জনসাধারণ চলাচল ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

আজ সোমবার সকাল ৭টা থেকে চেকপোস্টগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-অর-রশিদ।

তিনি বলেন, ‘শুধু হেঁটে কোনো ধরনের যানবাহন ছাড়া ভেতরের মানুষ তল্লাশি ছাড়াই চলাচল করতে পারবেন। তবে যেখানে বাড়িঘর নেই, সেখানে ব্যারিকেড রয়েছে। মোট পাঁচটি ব্যারিকেড দেওয়া হয়েছিল।’

নাজিমুদ্দিন রোডের কারাগারের মূল গেটের পাশেই রয়েছে ‘রিয়েল উড সলিউশন’ নামে ফার্নিচারের দোকান। দোকানটির ব্যবস্থাপক মো. কামাল হোসেন। তিনি সকালে বলেন, ‘টানা চার দিন পরে আজ দোকান খুললাম। কিন্তু দোকান থেকে কোনো মালামাল ডেলিভারি দিতে পারছি না। আর মানুষের ভেতরে এখনো আতঙ্ক না কাটায় কেউ আসছেনও না।’

এই ব্যবস্থাপক আরো বলেন, ‘যেহেতু কোনো গাড়ি আসতে দিচ্ছে না, সেহেতু কাউকে মাল দিতে পারছি না। জানি না, আরো কত দিন এই অবস্থা থাকবে। প্রতিদিন দোকানে শুধু খরচই আছে পাঁচ হাজার টাকা। ক্ষতির পরে ক্ষতি হচ্ছে আমাদের।’

কারাগার এলাকায় একটি বাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ব্যারিকেড খুলে দিছে শুধু হেঁটে চলাচল করার জন্য। গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতেও ঝামেলা হচ্ছে। দ্রুত সব ঠিক করা উচিত।’