ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লন্ডনের রাজপথে মিছিল করেছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুম্মা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন থেকে ব্রিকলেইন ও আশাপাশের রাস্তায় মিছিল করে বিএনপি সমর্থকরা।
মানববন্ধনে উপস্থিথ ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুছ, উপদেষ্টা আলহাজ্ব তৈমুছ আলী, মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন, শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, ড. মুজিবুর রহমান, গোলাম রাব্বানী, তাজুল ইসলাম, আবেদ রাজা, নাসিম আহমদ চৌধুরী, আব্দুল বাসিত বাদশা, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক উল্লেখ করে রায়কে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন। তারা বলেন, শেখ হাসিনার তাবেদার আজ্ঞাবহ আদালতের এই রায় গণতন্ত্র ধ্বংস করার রায়। এই রায় একদলীয় বাকশালী আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার রায়। তারা বলেন, আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা প্রমাণ করেছিলেন যে, তিনি এই মামলায় কোনভাবেই জড়িত নন এবং কোন টাকাই আত্মসাৎ করা হয়নি, কারণ এসব টাকা এখনো ব্যাংকের হিসাবেই জমা রয়েছে। বাংলাদেশে ন্যায়বিচার থাকলে আদালতে ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবীদের উত্থাপিত যুক্তিতর্কে তিনি বেকসুর খালাশ পাওয়ার কথা । কিন্তু খালাশ দেয়ার পরিবর্তে সাজা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এ রায় আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। দেশের আপামর জণসাধারণের মতো আমরাও মনে করি এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা এবং এই মামলার মাধ্যমে বেগম জিয়া এবং বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার অপচেষ্টা।
বিএনপি নেতারা বলেন,বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক, জাল জালিয়াতির মাধ্যমে দায়ের করা কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ঘোষিত রায় অবৈধ, শেখ হাসিনা ও তার পরিবার এবং আওয়ামী লুটেরাদের ব্যাংক ডাকাতি ও দুর্নীতি আড়াল করার এক ঘৃণ্য ষড়যন্ত্র।















