ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়ার রায়ে সরকারের হস্তক্ষেপের বিষয়ে বিএনপি নেতাদের দাবি নাকচ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ রায়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আজ শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে বিআরটিএ প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, খালেদা জিয়ার মামলা সরকার করেনি। সরকারের কোনো হস্তক্ষেপও নেই। বেগম জিয়া যদি নিয়মিত হাজিরা দিতেন, তবে এ মামলার অনেক আগেই রায় হয়ে যেত। এখন তিনি নিজেই দেরি করে নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য বেগম জিয়া ও তার বিজ্ঞ আইনজীবীরাই দায়ী।
খালেদা জিয়ার রায়ের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট প্রসঙ্গে মন্ত্রী বলেন,এ রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি নয় বরং বিএনপির অভ্যন্তরীণ সঙ্কট ঘনীভূত হবে।
তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মানি লন্ডারিংয়ের দায়ে ৭ বছরের সাজা দণ্ডিত তিনি। এ মামলায় তার দশ বছরের দণ্ড ও ২ কোটি টাকা জরিমানা হয়েছে। বিএনপির গঠনতন্ত্র থেকে কেন ৭ম ধারা তুলে দিয়ে দুর্নীতিবাজদের নেতা হওয়ার পথ সুগম করেছে।















