ঢাকা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় সহপাঠীর সাহসিকতায় অপহরণ চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে তিন স্কুলছাত্রী। অপহরণ করে তাদের নিয়ে যাবার সময় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পড়ে লিমা আক্তার নামে এক স্কুলছাত্রী। এসময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তিন অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন সদর উপজেলার রাধিকা এলাকার হিরন মিয়া (২০) ও সিএনজি চালক শরীফ খান (২২) এবং উপজেলার নরসিংসা এলাকার তামান্না আক্তার।
বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেব এলাকায় এ ঘটনা ঘটে। লিমা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও ঘাটিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানিয়েছে, বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় লিমা। এ সময় তার সঙ্গে ছিল একই গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী শাকিলা আক্তার, তৃতীয় শ্রেণির শান্তা আক্তার ও জান্নাত আক্তার। পথে এক নারীসহ তিনজন তাদের জোড় করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয়।
অপহরণকারীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাওয়া সময় আাখাউড়া-সুলতানপুর সড়কের ঘাটিয়ারা এলাকায় সাহস করে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয় লিমা। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অটোরিকশাসহ তিন অপহরণকারীকে আটক ও অপহৃতদের উদ্ধার করে। পরে অভিভাবকদের হাতে ওই ছাত্রীদের তুলে দেওয়া হয়।
চলন্ত অটোরিকশা থেকে লাফ দেওয়ার কারণে লিমা আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক এবিষয়ে বলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আহত শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে।















