আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর ওপর রাগ করে কোলের শিশুকে আছাড় মারলেন মা। স্বামী বাইক থেকে নেমে মেয়েকে তুলে স্ত্রীর কোলে দিলেন। ‘আমি পারব না কিছু করতে’— বলে আবারও মেয়েকে ছুঁড়ে ফেললেন মা। আবার তুলে দেয়া হলে ছয় মাস বয়সী মেয়েটাকে আবারও ছুঁড়ে ফেলেন তিনি।
শনিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর পরগনা জেলার বসিরহাটের রেজিস্ট্রি অফিস মোড়ের প্যাথলজি সেন্টারে এই ঘটনা ঘটে।
স্ত্রীর পায়ে চোট লাগায় এক্স-রে করাতে তাকে নিয়ে এই প্যাথলজি সেন্টারে এসেছিলেন স্বামী। এক্স-রে ছবি তোলার পর ২০০ টাকা দেয়া নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। স্বামী জানান, তার কাছে ১০ টাকার বেশি নাই। এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন স্ত্রী।
মোটর বাইকে উঠে বেরিয়ে যাচ্ছিলেন স্বামী। রাগ আরও বেড়ে যায় স্ত্রীর। বললেন, আমার চিকিৎসার খরচ যখন দিতে পারবে না, তখন তোমার মেয়ের দায়িত্বও আমি নিতে পারব না।
এই কথা বলতে না বলতেই কোলের মেয়েকে আছাড় মেরে বসেন স্ত্রী। এক এক করে তিনবার!
পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে তাদেরকে বোটঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যান আশেপাশের লোকজন। সেখান থেকে বসিরহাট থানায়। পুলিশ গ্রেপ্তার না করে ওই দম্পতিকে বোঝায়।
পরে কোলের শিশুকে আছাড় মারা ওই মা বলেন, ভুল বুঝতে পেরেছি। সত্যিই তো, স্বামীর রোজগার না থাকলে উনিই বা কী করবেন। শুধুশুধু মেয়েটাকে কাঁদালাম।















