ঢাকা সংবাদদাতা: পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করে আসামি ছিনিয়ে নেয়ার নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
এ খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রাতে ফোনে একথা জানান তিনি। সকালে গয়েশ্বর চন্দ্রকে আদালতে তোলা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
এদিকে, রাতে রাজধানীর শান্তিনগর থেকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করে গোয়েন্দা পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবুসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বাসায় তল্লাশি চালানো হয়।
এর আগে, পুলিশের ওপর হামলা চালিয়ে হাইকোর্ট এলাকা থেকে আটক দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় খালেদা জিয়ার গাড়িবহরে থাকা বিএনপির নেতাকর্মীরা। পুলিশের রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুনীতি মামলায় শুনানি শেষে খালেদা জিয়ার গাড়ী বহর থেকে এ ঘটনা ঘটে।
গাড়িবহরটি হাইকোর্টের সামনে আসতেই পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া হয়। কদম ফোয়ারার সামনে প্রিজন ভ্যান থেকে আটক দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির কর্মীরা। এসময় প্রিজন ভ্যান ভাংচুর ও দুই পুলিশের রাইফেল কেড়ে নিয়ে ভেঙে ফেলে তারা।















