অবিলম্বে ঘূর্ণিঝড়-দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর আহ্বান খালেদা জিয়ার

490

ঢাকা সংবাদদাতা: অবিলম্বে ঘূর্ণিঝড়-দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘ঘূর্ণিঝড় আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন জেনে দেশবাসীর ন্যায় আমিও উদ্বিগ্ন।’

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, “ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে দেশের উপকূলীয় এলাকায় ছয়জনের অধিক মানুষের করুণ মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ার দুঃখজনক খবরে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা ছাড়াও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে।’

খালেদা জিয়া আরো বলেন, ঘূর্ণিঝড় মোরা আক্রান্ত উপদ্রুত এলাকাগুলোর মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন অত্যন্ত জরুরি। এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দুঃখজনক।

খালেদা জিয়া বলেন, “অনতিবিলম্বে দুর্গত মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ঘরবাড়িহারা অসহায় মানুষদের জন্য অবিলম্বে আবাসনের ব্যবস্থা গ্রহণ করতেও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

খালেদা জিয়া বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই ওই সমস্ত দুর্গত অঞ্চলে ত্রাণতৎপরতা শুরু হয়েছে। উপদ্রুত এলাকাগুলোর জনগণের পাশে আরো বেশি করে দাঁড়ানোর জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি। ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় ‘মোরা’-এর আঘাতে ছয়জনের অধিক মানুষের মর্মান্তিক মৃত্যু ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণতৎপরতা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশের বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের প্রতি দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান বিএনপির মহাসচিব।