বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্র আগামী ২০২৩ সালের মধ্যেই উৎপাদনে যাবে।
রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিশ্বমানের পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়া থেকে ভিভিইআর-১২০০ মডেলের পাঁচ স্তরের নিরাপত্তা বিশিষ্ট দুটি নিউক্লিয়ার রি-অ্যাক্টর স্থাপনের কাজ করছে। দুই রি-অ্যাক্টর থেকে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আগামী ২০২৩ সালের মধ্যে উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনস্থ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেসসমূহে (ইনমাস) বিশ্বমানের পরমাণু চিকিৎসা সেবাদানের জন্য উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।















