নারী শিক্ষার্থীদের শেখ হাসিনাকে অনুসরণ করা উচিত: মেনন

919

ঢাকা সংবাদদাতা: নারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করা উচিত বলে উল্লেখ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমাদের এই দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। দেশের দায়িত্ব নিতে আর আমরা নয়, এবার বলতে হবে ‘আমি দায়িত্ব নেব’।

অনুষ্ঠানে রাশেদ খান মেনন আরো বলেন, ‘সমাজের উন্নয়নে প্রতিটি পুরুষের পাশাপাশি প্রতিটি নারীর ভূমিকা থাকতে হবে। পড়ালেখার পাশাপাশি নারী শিক্ষার্থীদের খেলাধূলায় পারদর্শী হওয়া খুবই জরুরী’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন। এর ফলে বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের উপস্থিতি এখন ৪৭ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি সমাজের প্রতিটি উন্নয়নে নারীদের অংশীদার হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার শাহীন।

পরে অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নানা ধরণের ডিসপ্লে প্রদর্শন করে।