সিলেট থেকে ৬০০ পাওয়ার জেল ডেটোনেটর উদ্ধার

1084

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ৩০০টি করে হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছেন র‍্যাব ৯-এর সদস্যরা। এ সময় দৌঁড়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়।

আজ সোমবার দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব ৯-এর উপপরিচালক মেজর জামসেদ আহমেদ।

জামসেদ আহমেদ জানান, গতকাল রোববার বিকেল ৫টার দিকে সিলেট ক্যাম্পের স্পেশাল কোম্পানির সদস্যরা কানাইঘাটে সুরইঘাট বাজারের হোসেন আহমদের বাড়ির সামনে থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কানাইঘাটের হালাবাদি এলাকার ইব্রাহীম (৪০), সোনারতন গ্রামের মো. আশিক (১৯) ও রায়হান (২০)। তাঁদের কাছ থেকে ৩০০টি হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, ৩০০টি ইলেকট্রিক ডেটোনেটর ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আজ বিকেলে কানাইঘাট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে র‍্যাব।

মেজর জামসেদ আহমেদ জানান, বিস্ফোরকগুলো ভারতের মেঘালয় থেকে এসেছে এবং সেগুলো খুবই শক্তিশালী। এর আগেও দেশের জঙ্গিদের কাছ থেকে এ ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‍্যাব ৯-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।

বিস্ফোরকগুলো কতটুকু শক্তিশালী এ ব্যাপারে জানতে চাইলে র‍্যাব কর্মকর্তা মাঈন উদ্দিন চৌধুরী জানান, চার-পাঁচটি ডেটোনেটর ও পাওয়ার জেল দিয়ে একটি পাঁচতলা ভবন উড়িয়ে দেওয়া সম্ভব।