পরমাণু হামলা থেকে বাঁচতে মার্কিন জনগণকে প্রস্তুতির পরামর্শ

1003

উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির প্রেক্ষিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। শুধু উত্তর কোরিয়াই নয়, ইরানসহ আরো কয়েকটি দেশের পরমাণু অস্ত্র নিয়েও ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উদ্যোগ নিয়েছে পরমাণু হামলা পরবর্তী কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে।

পরমাণু বোমা থেকে বাঁচার বিভিন্ন কৌশলের অনুশীলন করতে আগামী ১৬ জানুয়ারি একটি ইভেন্টের আয়োজন করেছে সিডিসি। পরমাণু বোমা হামলা হলে কি ধরনের সমস্যা হবে এবং তার সমাধান কেমন হবে, তা নিয়ে নানা বিষয় তুলে ধরা হবে সেখানে।

সিডিসির পক্ষ থেকে বলা হচ্ছে, পরমাণু বোমা হামলা হলে মৃত্যুঝুঁকি ছাড়াও দীর্ঘস্থায়ী অসুস্থতার আশঙ্কা থেকেই যায়। এ অবস্থায় মৃত্যু কমানোর পাশাপাশি অসুস্থদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন তারা।

সিডিসি জানায়, পরমাণু বোমা হামলার বিষয় মানুষের মাঝে বিভ্রান্তি রয়েছে। অনেকেই জানেন না যে, পরমাণু বোমা হামলার পরবর্তী ২৪ ঘণ্টা কোথাও আত্মগোপন করে থাকা জীবন বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ সময় অতিরিক্ত তেজস্ক্রিয়তা মৃত্যু ডেকে আনতে পারে।

কিছুদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু হামলা নিয়ে বাদানুবাদ হয়েছে। কিম জানিয়েছেন, পরমাণু বোমার সুইচ তার টেবিলেই আছে। অন্যদিকে তার জবাবে মার্কিন প্রেসিডেন্টও তার কাছে পরমাণু বোমার সুইচ আছে বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তারটি আরো বড় ও শক্তিশালী। ফলে পরমাণু বোমা হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে।

সূত্র: ইউএসএ টুডে