রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিংয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম রুপন ডিও (৪৫)। পরিচয়পত্র নম্বর-৫৮৩৬৪। তিনি বিজিবি সদর দপ্তরে মোটর মেকানিক শাখায় কাজ করতেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, শনিবার সকালে মিরপুর থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি গাড়ি বিজয় সরণী মোড়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রুপন। তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় তিনি একজন বিজিবি’র সদস্য। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।















