চট্টগ্রাম থেকে নিখোঁজ মহসিনের সন্ধান চায় পরিবার

463

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া মহসিন আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে মহসীন আলীর পরিবারের সদস্যরা বলেন, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা থেকে মহসিন আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি চট্টগ্রাম বন্দর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। তার বাড়ি নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকায়। তিনি ব্যবসায়িক কারণে চট্টগ্রাম বন্দর এলাকায় থাকেন।

তারা আরো বলেন, মহসীন আলী নিখোঁজ হওয়ার পর চট্টগ্রাম বন্দর থানায় ২৮ ডিসেম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নং : ১২২৮)। নিখোঁজ হওয়ার সময় তার কাছে প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা ছিল।

পরিবারের সদস্যরা বলেন, মহসিন আলীর সঙ্গে ব্যবসায়িক অংশীদারদের দ্বন্দ্ব ছিল। এছাড়া তার অন্য কোনো শত্রু নেই। পুলিশকে বারবার তাগাদা দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মহসিন আলীর চিন্তায় তার বৃদ্ধ মা এখন শয্যাশায়ী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার আজ দিশেহারা।

মহসীন আলীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- নিখোঁজ মহসিন আলীর ভাই মো. মুরাদ হোসেন, মনির হোসেনসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার শেখ আবুল কালাম, মো. দেওয়ান প্রমুখ।