সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের।
আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সবশেষে সেনাকুঞ্জ এলাকায় একটি গাছের চারা রোপণ করেন তিনি। সোমবার কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল পাঁচদিনের সফরে ঢাকায় আসে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল এস এম মতিউর রহমান অভ্যর্থনা জানান।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন কুয়েত আর্মড ফোর্সের মিলিটারি এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান মেজর জেনারেল আনোয়ার জাসেম আল মাজিদি, কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালেদ আহমেদ আব্দুল্লাহ এবং মুবারক আল আব্দুল্লাহ, জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আবদুস সামাদ দাস্তি।















