ঢাকা সংবাদদাতা: সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন করতে পারাকে আওয়ামী লীগের বিজয় বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘রসিক নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে বোঝা যায়, বিএনপির মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছে। তারা দু’জন নির্বাচন নিয়ে দু’রকম বক্তব্য দিয়েছেন।’
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘ভুল করলে মানুষকে এর খেসারত দিতেই হয়। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে গিয়ে বিএনপি দেশজুড়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াও করেছে, এর খেসারত এখন তাদের দিতে হচ্ছে। গত নির্বাচনে না এসেও তারা ভুল করেছিল, এর খেসারতও আগামী নির্বাচনে তাদের দিতে হবে।’
বিবির বাজার বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে ১১টি স্থলবন্দর রয়েছে। এর মধ্যে ৬টি বেসরকারি কোম্পানি পরিচালনা করে। সব বন্দরের মধ্যে বিবির বাজার স্থলবন্দরের অবস্থা খারাপ। এই বন্দরের উন্নয়নে উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হবে।’
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাছান আলী, সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, ব্যবসায়ী নেতা নির্মল পালসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















