সাইফ হাসান: যুক্তরাজ্যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সংকটের মধ্যে নতুন বাজেট ঘোষণা করেছেন চ্যান্সেলর জন হিলি। এতে দুই কোটি পরিবারকে শীতকালীন সহায়তা হিসেবে ১০০ পাউন্ড করে নগদ অর্থ দেওয়ার কথা জানানো হয়েছে। এই সহায়তার অর্থ জোগাড় করতে ব্যাংক ও বাড়িওয়ালাদের আয়ের ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যু*দ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে বলে বাজেটে উল্লেখ করা হয়। তবে বিশেষজ্ঞ ও বিরোধীদের মতে, এই সামান্য সহায়তা সাধারণ মানুষের সংকট মেটাতে যথেষ্ট নয়।
বাজেট বক্তৃতায় চ্যান্সেলর জন হিলি জানান, কাউন্সিল ট্যাক্সের এ থেকে ডি ব্যান্ডের আওতাভুক্ত ইংল্যান্ডের সব পরিবার এই ১০০ পাউন্ডের সহায়তা পাবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি বিল নিয়ে সবাই উদ্বেগে আছে, আর সরকারের এই পদক্ষেপ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। স্কটল্যান্ড ও ওয়েলশ সরকারের জন্যও এই প্রকল্পে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যেন তারাও একই ধরনের উদ্যোগ নিতে পারে।
তবে এই বাজেট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সরকারের স্বাধীন অর্থনৈতিক পূর্বাভাস সংস্থা ওবিআর সতর্ক করে বলেছে, আগামী বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির থাকবে এবং মানুষের প্রকৃত আয় খুব একটা বাড়বে না। সংস্থাটির কর্মকর্তা ডেভিড মাইলস জানান, মূল্যস্ফীতি প্রায় চার শতাংশে পৌঁছানোয় পরিবারের আর্থিক পরিস্থিতির কোনো উন্নতির আশা দেখা যাচ্ছে না।
অন্যদিকে সঞ্চয় ও সম্পত্তি থেকে আয়ের ওপর কর দুই শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আর্থিক বিশ্লেষক লরা সুটার এবং রেজোলিউশন ফাউন্ডেশনের রুথ কার্টিসের মতে, এই করের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভাড়াটিয়াদের ওপরই চাপিয়ে দেবেন বাড়িওয়ালারা। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইডিএফ জানিয়েছে, জানুয়ারিতে অফজেমের নির্ধারিত জ্বালানি মূল্যের সীমা আরও ৪৬৬ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।
কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনক সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ব্রিটেন এখন অতিরিক্ত ব্যয়, ঋণ আর করের বোঝায় জর্জরিত। সাবেক চ্যান্সেলর র্যাচেল রিভসের জ্বালানি কর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল হলেও জীবনযাত্রার সংকটের স্থায়ী কোনো সমাধান মিলছে না। মেয়র সাদিক খানকে লন্ডনের বাকেরলু লাইন সম্প্রসারণের নতুন ক্ষমতা দেওয়াসহ কিছু আঞ্চলিক উন্নয়ন বরাদ্দের ঘোষণাও দেন চ্যান্সেলর।
#যুক্তরাজ্যবাজেট #অর্থনীতি #জীবনযাত্রারব্যয় #aknews #onebanglanews















