হাওরের বাঁধ দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত আপিল বিভাগে

590

ঢাকা সংবাদদাতা: সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ কর্মকর্তা ও ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ দিন ধার্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে সুনামগঞ্জে বাঁধ নির্মাণে দুর্নীতির ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে চলতি বছরের ১৩ এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানে ওই প্রতিবেদনের সত্যতা মেলে। সেই সূত্রেই মামলা করা হয় ৬১ জনের বিরুদ্ধে। পরে আসামি মো. বাচ্চু মিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে কেন এই মামলা বাতিল করা হবে না, এ মর্মে রুলও জারি করেন আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুর্নীতি দমন কমিশন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, মামলাটি এখনো তদন্তাধীন আছে। তাই আপিল বিভাগের নির্দেশের পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।