সাইফ হাসান: লন্ডনে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে এক বৃদ্ধকে মারধর করে হ*ত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। উত্তর লন্ডনের হ্যাকনিতে গত বছরের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিজের ৯১ বছর বয়সী স্ত্রীকে বাঁচাতে গিয়ে হাম*লার শিকার হন ৮৬ বছর বয়সী জন বার্ক। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মা\রা যান। আদালতে দোষী সাব্যস্ত হওয়া ওই চোরের নাম অ্যাশলে ম্যালকম।
উত্তর লন্ডনের হ্যাকনির ফনটেইন রোডের একটি ফ্ল্যাটে মধ্যরাতের ঠিক আগে জানালা ভেঙে প্রবেশ করে ৪০ বছর বয়সী অ্যাশলে ম্যালকম। প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে একটি শপিং ট্রলিতে মালপত্র ভরে নিয়ে যায় সে। এরপর সে আবারও ফ্ল্যাটে ফিরে এসে আরও প্রায় ২০ মিনিট অবস্থান করে এবং একটি বাক্স নিয়ে চলে যায়। ঘটনার সময় ঘরে থাকা ডিমেনশিয়ায় আক্রান্ত ৯১ বছর বয়সী পেগি বার্ক ঘুমিয়ে ছিলেন।
তার ৮৬ বছর বয়সী স্বামী জন বার্ক স্ত্রীকে বাঁচাতে বাধা দিলে ম্যালকম তাকে মাথায় প্রচণ্ড আঘাত করে ও মারধর করে। পরদিন সকালে একজন পরিচর্যাকারী এসে ঘরের জানালা ভাঙা এবং জন বার্ককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আহত অবস্থায় বার্ক জানান, প্রায় ছয় ফুট লম্বা এক ব্যক্তি রাতে তার ওপর হামলা চালিয়েছে। বার্ক নিজেও নানা শারীরিক অসুস্থতা ও স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন।
প্রথমে হোমারটন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বার্ককে ছেড়ে দেওয়া হলেও পরদিন সকালে ছেলে শন তাকে শোবার ঘরের মেঝেতে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পুনরায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ভয়াবহ ক্ষতি হয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। শেষ পর্যন্ত সেই আঘাতেই প্রাণ হারান এই বৃদ্ধ। বার্কের পরিবার জানায়, নিজের সামর্থ্যের শেষবিন্দু দিয়ে তিনি ভালোবাসার মানুষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন।
ওল্ড বেইলি আদালতের বিচারক সাইমন মায়ো জানান, অসহায় ও বয়স্ক দম্পতির ঘরে দীর্ঘ সময় ধরে অনধিকার প্রবেশ করে এই বর্বরোচিত কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্ত ম্যালকম এর আগেও চুরি ও মারধরের ঘটনায় বহুবার সাজাপ্রাপ্ত হয়েছিল। সেই রাতে আরও দুটি স্থানে চুরি ও হামলার চেষ্টা করার কথা স্বীকার করায় আদালত তাকে ১৮ বছরের কারাদণ্ড এবং পরবর্তী পাঁচ বছর বিশেষ নজরদারিতে রাখার নির্দেশ দেন।
#aknews #onebanglanews #যুক্তরাজ্য #লন্ডনসংবাদ #আদালত















