জলাশয়ে বিমান ফেলে পাইলটের আত্ম*হত্যা,তদন্তকারী সংস্থা যা বললেন…

29

সাইফ হাসান: মানসিক অবসাদে ভুগে যুক্তরাজ্যের এসেক্সে জলাশয়ে বিমান আছড়ে ফেলে আত্ম*হত্যা করেছেন এক অভিজ্ঞ পাইলট। তদন্তকারী সংস্থা এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নিহত পাইলটের নাম পিটার বিসন এবং তার বয়স ছিল ৬৬ বছর। দীর্ঘ দুই দিন তল্লাশি চালিয়ে জলাশয় থেকে তার লা*শ উদ্ধার করে পুলিশ ডুবুরি দল। ঘটনার আগে তিনি তীব্র মানসিক অশান্তি এবং ঘুমের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যের এসেক্সের চেমসফোর্ডের কাছে হ্যানিংফিল্ড জলাশয়ে গত ২৮ ডিসেম্বর ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থা। এতে বলা হয়েছে, ৬৬ বছর বয়সী পাইলট পিটার বিসন ইচ্ছাকৃতভাবেই তার বিমানটি জলাশয়ে আছড়ে ফেলেছিলেন। তিনি হার্টফোর্ডশায়ারের বিশপস স্টর্টফোর্ডের বাসিন্দা ছিলেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, পিটার বিসনের প্রায় ২০ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ঘটনার দিন দুপুর ১২টা ৩৯ মিনিটে তিনি এসেক্সের নর্থ উইল্ড এয়ারফিল্ড থেকে তার ‘বিগল বি১২১ পাপ’ মডেলের বিমানটি নিয়ে একাই আকাশে ওড়েন। প্রায় ৭০ মিনিট জলাশয়ের ওপর চক্কর দেওয়ার পর হঠাৎ বিমানটি সোজা নিচের দিকে নেমে আসে এবং বিকট শব্দে পানিতে বিধ্বস্ত হয়।

ঘটনার দুই দিন পর জলাশয়ের প্রায় ছয় মিটার গভীরে ডুবুরিরা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। বিমানের কোনো কারিগরি ত্রুটি ছিল না বলে নিশ্চিত করেছে তদন্ত দল। তবে পিটার বিসনের লেখা একটি চিরকুট এবং ফ্লাইটের ধরন দেখে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি পরিকল্পিত ঘটনা ছিল।

পিটার বেশ কিছুদিন ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন এবং তীব্র অনিদ্রায় ভুগছিলেন। তার এক বন্ধু জানান, ঘটনার কয়েক দিন আগে থেকেই পিটার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সাধারণত তিনি কখনো একা বিমান চালাতেন না। বড়দিনের দিনেও তাকে অত্যন্ত বিষণ্ণ ও অন্যমনস্ক দেখা গিয়েছিল।

#aknews #onebanglanews #বিমানদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #যুক্তরাজ্য