ঢাকা সংবাদদাতা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় টানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ আদালতের উদ্দেশে রওনা করবেন তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবি করে যুক্তি উপস্থাপন শেষ করেন। বুধবার খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আজ যুক্তিতর্কের বাকি অংশ তুলে করবেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর যদি আদালত মনে করেন যুক্তিতর্ক উপস্থাপনে আরও সময় প্রয়োজন তাহলে বিচারক তা চাইলে সময় বাড়াতে পারবেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদা জিয়াসহ ছয় আসামির বিচার শুরু করেন।
মামলায় খালেদা জিয়াসহ আসামি ছয়জন। অপর পাঁচ আসামি হলেন, খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মোমিনুর রহমান। আসামিদের মধ্যে ড. কামাল সিদ্দিকী ও মোমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। তারেক রহমান নয় বছর ধরে লন্ডনে রয়েছেন। এ মামলায় তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। বাকিরা জামিনে আছেন।















