‘এমপি টিউলিপ সিদ্দিকের এখন যা করার আছে’

2484

আব্দুল হাই সন্জু: চ্যানেল ফোরের সাথে টিউলিপ সিদ্দিক এমপির যা ঘটে গেলো, এখন তাঁর উচিত হবে বাস্তবতার মুখোমুখি হয়ে সোজ্জাসাপ্টা কথা বলা। মাঝামাঝি কোনো রাস্তা খোলা নেই। অর্থাৎ বাংলাদেশ-সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা অব্যাহত রাখা অথবা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কথা স্বীকার করে বাংলাদেশ-সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য না করার ব্যক্তিগত পলিসি গ্রহণ করা। এই পলিসি নিলেও তিনি সমালোচিত হবেন কিন্তু এই দুর্বলতা স্বীকার করে নিলে বাংলাদেশ ইস্যুতে মিডিয়ার লোকেরা তাঁকে Heckle করবে কম। আরো একটা বিষয় আছে: বর্তমান সরকার ক্ষমতা থেকে চলে গিয়ে অন্য কোনো সরকার ক্ষমতাসীন হলে তিনি যদি ব্যক্তিগত পলিসিটি পরিবর্তন করেন, তখন আবার তাঁর বিরুদ্ধে কপটতার অভিযোগ উঠতে পারে। সুতরাং, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।  https://www.channel4.com/…/tulip-siddiq-mp-and-niece-of-ban…

এই সেই চ্যানেল ফোর যেখানে বেশ কয়েক বছর আগে প্রচারিত হয়েছিল বৃটেনে বসবাসরত বাংলাদেশের অভিযুক্ত যুদ্ধাপরাধীদের উপর প্রামাণ্যচিত্র ‘ডিসপাচেস’।

আমার মনে পড়ে, ২০১৩ সালের ৩০/৩১ অক্টোবর তারিখে ওয়েস্টমিন্সটারের কুইন এলিজাবেথ টু কনফারেন্স সেন্টারে বাংলাদেশের সদ্য নিযুক্ত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে এক সবংর্ধনা দেয়া হয়। পুরো সেন্টার ভরে গিয়েছিল সেদিন। কিন্তু রাষ্ট্রপতি সেদিন যতোটা না কথা বলেছেন, তাঁর চেয়ে অনেক বেশী কথা বলেছিলেন সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী। টিউলিপ সিদ্দিকও বক্তব্য রেখেছিলেন সেই অনুষ্ঠানে। তখনও টিউলিপ এমপি নির্বাচিত হননি। সেই অনুষ্ঠানে আব্দুল গাফ্ফার চৌধুরী অনেক সময় ব্যয় করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করে বঙ্গবন্ধুরই বংশধর টিউলিপকে লন্ডনের পার্লামেন্ট নির্বাচনে এমপি নির্বাচিত করতে প্রবাসীদের সমর্থন ও সহায়তা কামনা করেন। অনুষ্ঠান থেকে ফিরে এসে আমি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসের মূল বক্তব্য ছিল এইরকম: বঙ্গবন্ধুর পরিবারের দোহাই দিয়ে কেবল টিউলিপের জন্য প্রবাসীদের সহায়তা কামনা করে বসে থাকলেই চলবে না; বরং আব্দুল গাফফার চৌধুরীর উচিত হবে টিউলিপকে সঙ্গে নিয়ে বৃটেনে বসবাসরত বাংলাদেশের অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দেশে ফেরত পাঠানোর ক্যাম্পেইন শুরু করা। এই ক্যাম্পেইনে টিউলিপ সিদ্দিক নিজ দল লেবার পার্টিকে যুক্ত করার চেষ্টা করতে পারেন।

http://www.prothom-alo.com/…/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0…

সেই ক্যাম্পেইন কখনও করেননি টিউলিপ। অথচ এখন দন্ডপ্রাপ্ত মীর কাশেমের ছেলের বাংলাদেশে “গুম” হওয়া নিয়ে তিনি কিছু করবেন কিনা Ñসেই প্রশ্নেরই সম্মুখীন তিনি। এখন তিনি কী করবেন? তাঁরই খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন। বিষয়টি পারিবারিক ও কনফ্লিক্ট অব ইন্টারেস্টে ভরপুর। নিজ সংসদীয় এলাকার বাসিন্দা না হওয়ার কারণে দেখিয়ে টিউলিপ সিদ্দিক মীর কাশেমের ছেলের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অন্যান্য অনেক এমপি এই ব্যাখ্যাকে “ননসেন্স” হিসাবে দেখছেন।

টিউলিপ সিদ্দিক ইতোমধ্যে বৃটিশ গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। ইরানিয়ান বংশোদ্ভূত নাজানিন জাঘারি রাটফ্লিফকে ইরানের কারাগার থেকে বৃটেনে ফিরিয়ে আনতে ফরেইন সেক্রেটারি বরিস জনসনকে টেনে হেঁচড়ে রীতিমতো শার্টের কলার ধরে পদক্ষেপ নিতে বাধ্য করেছেন টিউলিপ। আরেকটা ঘটনাও ইতিহাস হয়ে থাকবে। বৃটেনে ডনাল্ড ট্রাম্পের স্টেইট ভিজিটের প্রতিবাদে প্রায় ছয় লাখ লোক এক পিটিশনে স্বাক্ষর করার পর গত ১৮ জানুয়ারি ২০১৬ ওয়েস্টমিন্সটার হলের গ্র্যান্ড কমিটি রুমে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। সেই বিতর্কে সবচেয়ে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন টিউলিপ সিদ্দিক এমপি। তিনি বলেছিলেন: “তাঁর (ডনাল্ড ট্রাম্প) কথাবার্তা হাস্যরসাত্মক নয়, কৌতুকপূর্ণও নয়; তাঁর কথাবার্তা বিষাক্ত।” টিউলিপের সেদিনের বক্তব্য শুনে বয়োজ্যাষ্ঠ্য এমপিরাও তাঁর দিকে অপলক দষ্টিতে তাঁকিয়েছিলেন। ওই বক্তব্য শুনে সেদিন খুশি হয়েছিলেন বৃটেনের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সহ মীর কাশেমের অনুসারিরাও।

ডনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর সর্বোচ্চ নেতার সমালোচনা করতে যেখানে বিন্দুমাত্র ভয় পাননি টিউলিপ সিদ্দিক, সেখানে বাংলাদেশ সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলতে টিউলিপের সাহসের অভাব থাকার কথা নয়। সমস্যা একটাই, আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপের খালা। এই কথা মিডিয়ার লোকজন ভালো করেই জানে। এজন্য তাঁরা ঠিক ওই জায়গাটাতেই আঘাত করার চেষ্টা করবে। সুতরাং টিউলিপকে সুস্পষ্টভাবে একটা নীতিগত অবস্থান এখনই নিতে হবে। অন্যথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আত্মীয়তার সম্পর্ক টিউলিপের ক্যারিয়ারের জন্য “আশীর্বাদ” না হয়ে “অভিশাপ” হিসাবে ধরা দিতে পারে। (লেখাটি সাংবাদিক আব্দুল হাই সন্জুর ফেইসবুক থেকে নেয়া হয়েছে। লিংক https://web.facebook.com/abdul.shanju/posts/10155217669940003)

আব্দুল হাই সন্জু
লন্ডন
২০ ডিসেম্বর, ২০১৭