সাইফ হাসান: বিশ্বের বৃহত্তম হাফ ম্যারাথন গ্রেট নর্থ রানে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। টাইনসাইডে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৬৩ হাজার দৌড়বিদ। প্রধানমন্ত্রী বার্নহ্যাম ১ ঘণ্টা ৫৭ মিনিটে ১৩ দশমিক ১ মাইল পথ পাড়ি দিয়ে রেস সম্পন্ন করেন। দাতব্য সংস্থা চেঞ্জিং লাইভসের তহবিলের জন্য তিনি এই প্রতিযোগিতায় অংশ নেন। চমৎকার আবহাওয়ায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দৌড়বিদদের উৎসাহ জোগান।
ইংল্যান্ডের ফুটবল তারকা ও নিউক্যাসল অধিনায়ক ড্যান বার্ন এবারের আসরের উদ্বোধনী ঘণ্টা বাজান। নিউক্যাসল থেকে শুরু হয়ে গেটসহেড ও সাউথ টাইনসাইড অতিক্রম করে সাউথ শিল্ডসে গিয়ে এই হাফ ম্যারাথন শেষ হয়। রেসে অন্যান্যদের মধ্যে অংশ নেন প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিস কামারা এবং ফিটনেস কোচ জো উইকস। অভিজাতদের লড়াইয়ে পুরুষ বিভাগে জুহাইর তালবি ও নারী বিভাগে ব্রিগিড কোসগেই জয় লাভ করেন। এছাড়া হুইলচেয়ার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাজ্যের ডেভিড ওয়েয়ার ও মেলানি উডস।
প্রতিযোগিতা শেষ করে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানান যে দুই ঘণ্টার কম সময়ে ফিনিশ করতে পেরে তিনি দারুণ আনন্দিত। মূলত হোমলেস মানুষদের পুনর্বাসনে কাজ করা দাতব্য সংস্থা চেঞ্জিং লাইভসের অর্থ সংগ্রহের জন্যই তিনি ১০ নম্বর জার্সি পরে দৌড়ান। তিনি উল্লেখ করেন, ভালো কাজের জন্য এমন সম্মিলিত প্রয়াস পুরো দেশের মানুষের ঐক্য ও উষ্ণ ভালোবাসাকে প্রকাশ করে।
পঁয়তাল্লিশ বছরে পদার্পণ করা ঐতিহ্যবাহী এই আয়োজন থেকে প্রতি বছর বিভিন্ন দাতব্য কাজের জন্য প্রায় আড়াই কোটি পাউন্ড সংগ্রহ করা হয়। মূল আসরের পাশাপাশি শনিবার নিউক্যাসলের কিসাইডে আয়োজিত হয় মিনি ও জুনিয়র ইভেন্ট, যেখানে রেকর্ড ১৩ হাজার তরুণ অংশ নেয়। ঐতিহাসিক টাইন ব্রিজের অবয়ব দিয়ে এবারের ২০২৬ সালের বিশেষ মেডেলটির নকশা করেছেন স্থানীয় শিল্পী অ্যালেক্স মুলহল্যান্ড।
#যুক্তরাজ্য #হাফম্যারাথন #গ্রেটনর্থরান #aknews #onebanglanews















