সাইফ হাসান: লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ইউরোপের বৃহত্তম পথ উৎসব নটিং হিল কার্নিভালের ৬০ বছর পূর্তি। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে অংশ নেন প্রায় ২০ লাখেরও বেশি মানুষ। ক্যারিবীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ১৯৬৬ সাল থেকে পশ্চিম লন্ডনে নিয়মিত এই আয়োজন হয়ে আসছে। ড্রামের বাদ্য, চোখধাঁধানো পোশাক আর নাচে-গানে পুরো শহর যেন এক মহামিলনমেলায় পরিণত হয়।
উৎসবের অংশ হিসেবে শনিবার স্টিলব্যান্ড প্রতিযোগিতা এবং রবিবার শিশুদের প্যারেড অনুষ্ঠিত হয়। মূল আকর্ষণ হিসেবে সোমবারের আয়োজনে অংশ নেন হাজার হাজার বয়স্ক নৃত্যশিল্পী ও বাদ্যযন্ত্রী। পাশাপাশি ২০১৭ সালের জুনে গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডিতে প্রা*ণ হা*রানো ৭২ জনের স্মরণে উৎসবে ৭২ সেকেন্ডের নীরবতা পালন করা হয়।
বিশ্বখ্যাত সংগীতশিল্পী বব মার্লির নাতি সোল-রেবেল মার্লি রবিবার র্যামপেজ সাউন্ড মঞ্চে পারফর্ম করেন। নিজের পারিবারিক ঐতিহ্যকে তিনি জীবনের চলার পথের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। উৎসব উপলক্ষে আসা অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন শুধু উৎসব নয়, বরং তাঁদের পূর্বপুরুষের সংস্কৃতি ও ইতিহাসকে সবার সামনে তুলে ধরার একটি বিশেষ মাধ্যম।
উৎসব প্রাঙ্গণে বিভিন্ন ঐতিহ্যবাহী ক্যারিবীয় খাবারের স্টল নিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। ১৫ বছর ধরে ব্যবসা করা জ্যাকি নামের এক ব্যবসায়ী বলেন, মানুষ যখন একসঙ্গে জড়ো হয় তখনই সবচেয়ে সুন্দর পরিবেশ তৈরি হয়। জ্যামাইকার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন নিয়ে বিক্রেতাদের মধ্যেও ছিল দারুণ উদ্দীপনা ও ব্যস্ততা।
নিরাপত্তা নিশ্চিত করতে উৎসবে ৭ হাজারেরও বেশি পুলিশ সদস্য ও ৩ হাজার স্টুয়ার্ড মোতায়েন ছিল। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রবিবার উৎসবের প্রথম পুরো দিনে মাদক, অ*স্ত্র রাখা এবং নানা বিশৃঙ্খলার অভিযোগে ২৪৩ জনকে আটক করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এটি কোনো বিশৃঙ্খলার জায়গা নয় বরং বিভিন্ন সংস্কৃতির মানুষের আনন্দ ভাগাভাগির প্রতীক।
#নটিংহিলকার্নিভাল #লন্ডননিউজ #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews















