ব্রিটেনে উৎসবে সাইনবোর্ড ভেঙে একজনের মৃত্যু,আহত অনেকে

48

সাইফ হাসান: যুক্তরাজ্যের একটি খ্রিস্টান উৎসবে সাইনবোর্ড ভেঙে পড়ে এক ব্যক্তি মা\রা গেছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ওয়েস্ট সাসেক্সের উইস্টন পার্ক এলাকায় বিগ চার্চ ফেস্টিভালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইস্ট সাসেক্সের ইস্টবোর্নের বাসিন্দা ছিলেন এবং তার বয়স একচল্লিশ বছর। এই মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষ উৎসবের বাকি সব আয়োজন বাতিল ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় খ্রিস্টান আয়োজন হিসেবে পরিচিত বিগ চার্চ ফেস্টিভালে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সাসেক্স পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে উইস্টন পার্কে একটি বিশাল সাইনবোর্ড ভেঙে মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং আহত হন অন্তত ছয়জন।

অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। শুক্রবার থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী অনুষ্ঠানটি রবিবারে শেষ হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর আয়োজকরা পুরো উৎসবটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

আর্চবিশপ ডেম সারাহ মুল্যালি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। এছাড়া স্থানীয় চ্যানকটোনবেরি প্যারিশের রেক্টর জেমস ডি কাস্টিগ্লিওনে জানিয়েছেন, আনন্দের এই আয়োজনে এমন ঘটনা পুরো এলাকায় বড় ধরনের মানসিক ধাক্কা দিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী লেখক অ্যান্ড্রু ওলারটন জানান, তাদের সামনেই পাহাড়ের চূড়ায় থাকা বিশাল কাঠের সাইনবোর্ডটি হঠাৎ ভেঙে পড়ে। সাথে সাথে উপস্থিত মানুষজন সাইনবোর্ডটি সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। সাসেক্স পুলিশ ও স্বাস্থ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

#যুক্তরাজ্য #আন্তর্জাতিকসংবাদ #উৎসবদুর্ঘটনা #aknews #onebanglanews