সাইফ হাসান: ম্যানচেস্টারে সিনাগগে হা*মলার জেরে দুটি মসজিদে হ*ত্যার হুমকি দেওয়া এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত গ্যাব্রিয়েল লেভি নামের ওই তরুণ নিজের দোষ স্বীকার করায় তাকে ২৮ মাসের সাজা দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে একটি উপাসনালয়ে হা*মলায় দুজন মা\রা যাওয়ার পর তিনি মসজিদে ফোন করে এই হুমকি দেন। পুলিশ পরে তদন্তে তার ফোন থেকে মুসলিমবিদ্বেষী একাধিক বক্তব্য ও বার্তা উদ্ধার করে।
যুক্তরাজ্যের ওয়েকফিল্ডের বাসিন্দা ২১ বছর বয়সী গ্যাব্রিয়েল লেভিকে লিডস ক্রাউন কোর্ট ২৮ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তিনি ম্যানচেস্টারের দুটি পৃথক মসজিদে বেনামে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্বীকার করেছিলেন।
আদালতের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৪ অক্টোবর লেভি চিদাম হিলের আল-সুন্নাহ মসজিদে ফোন করে সেখানে গিয়ে হত্যার হুমকি দেন। একই দিনে তিনি ম্যানচেস্টারের ইকরা মসজিদেও ফোন করে মুসলিমদের লক্ষ্য করে চরম আপত্তিকর ও হুমকিমূলক বক্তব্য দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে তার ফোনে ব্যাপক ইসলামবিদ্বেষ ও বর্ণবাদী বার্তার প্রমাণ পাওয়া যায়।
এর আগে ২ অক্টোবর হিটন পার্ক হিব্রু কনগ্রিগেশন সিনাগগে জিহাদ আল-শামি নামের এক ব্যক্তি গাড়ি নিয়ে হামলা চালান এবং ছুরি দিয়ে কুপিয়ে মেলভিন ক্রাভিটজ ও অ্যাড্রিয়ান ডলবি নামের দুই ব্যক্তিকে হত্যা করেন। ওই ঘটনার প্রতিশোধ হিসেবেই লেভি মসজিদে হুমকি দিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
প্রসিকিউটর আমির সাজাদ এই রায়ের পর জানান, কাউকে এভাবে আতঙ্কের মধ্যে রাখার অধিকার কারও নেই। তিনি আরও বলেন, যে কোনো ধরনের প্রাণনাশের হুমকি ও ইসলামবিদ্বেষী অপরাধের বিরুদ্ধে আইন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে।
#যুক্তরাজ্য #আদালত #কারাদণ্ড #aknews #onebanglanews















