দোকানে এআই প্রযুক্তির ভুল, ঝুঁকিতে নিম্নআয়ের কর্মীরা…

42

সাইফ হাসান: যুক্তরাজ্যের বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরার ভুলের কারণে নির্দোষ ক্রেতাদের অপ*রাধী বা চো*র বানানোর অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই প্রযুক্তির ব্যর্থতার দায়ভার চাপানো হচ্ছে কম বেতনের সাধারণ বিক্রয়কর্মীদের ওপর। এর ফলে একদিকে যেমন সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে কর্মীরাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন। এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং অধিকারকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি বিতর্কিত এই নজরদারি প্রযুক্তির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারিরও জোর দাবি উঠেছে।

যুক্তরাজ্যের সেন্সবুরিস, হোম বার্গেনস ও স্পোর্টস ডিরেক্টের মতো নামিদামি সুপারশপে ফেসওয়াচ নামের একটি প্রতিষ্ঠানের নজরদারি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। দোকান বা প্রতিষ্ঠানে ক্রেতারা ঢোকার সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা তাদের চেহারা স্ক্যান করে এবং অতীতে চুরি হওয়া ঘটনার তালিকাভুক্ত ডেটাবেজের সাথে মিলিয়ে দেখে। তবে এই প্রযুক্তিগত ব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় প্রায়ই সম্পূর্ণ নির্দোষ ক্রেতাদের চোর হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

মিল্টন কিনসের স্টনি স্ট্র্যাটফোর্ডে বাজেন্স নামের একটি দোকানে কেনাকাটা করতে গিয়ে এমন অভিজ্ঞতার শিকার হন সাবেক পুলিশ কর্মকর্তা লাভিনিয়া ম্যাকইনটায়ার। সেখানে থাকা উনিশ বছর বয়সী এক তরুণ বিক্রয়কর্মী তাকে মাংস চুরির মিথ্যা অভিযোগে দোকান ছাড়তে বলেন। লাভিনিয়া প্রমাণ দেখতে চাইলে প্রায় বিশ মিনিট পর ওই কর্মী নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান।

লাভিনিয়া সতর্ক করে দিয়ে বলেন, কোনো সুরক্ষামূলক ভেস্ট বা বডি ক্যামেরা ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের মুখোমুখি করানো ওইসব তরুণ কর্মীদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। এই বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার ও সংসদ সদস্য ড. অ্যালিসন গার্ডনার বলেন, বড় বড় কোম্পানিগুলো নিজেদের প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যর্থতার পুরো দায় সাধারণ কম আয়ের কর্মীদের কাঁধে চাপিয়ে দিচ্ছে।

বিগ ব্রাদার ওয়াচ সংগঠনের পরিচালক সিল্কি কার্লো ফেসওয়াচ ক্যামেরার কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে এই প্রযুক্তির ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। অন্যদিকে ফেসওয়াচ কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের প্রযুক্তি দোকানকর্মীদের ওপর হামলা ও সহিংসতা কমাতে সাহায্য করছে এবং সতর্কবার্তা পেলেই কাউকে সরাসরি জেরা করার কোনো নিয়ম তাদের নির্দেশিকায় নেই।

#যুক্তরাজ্যনিউজ #এআইপ্রযুক্তি #ব্রিটিশখবর #aknews #onebanglanews