পুলিশ দেখে পালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় চালক নি*হত

19

সাইফ হাসান: যুক্তরাজ্যের স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনের কাছে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণ চালক নিহত হয়েছেন। সোমবার বিকেলে পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে অডি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে অপর গাড়িতে থাকা সত্তোরর্ধ্ব এক নারী গুরুতর আ*হত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির স্বাধীন পুলিশ নজরদারি সংস্থা।

ওয়ারউইকশায়ার পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে বার্মিংহাম রোডে একটি কালো রঙের অডি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। তবে ১৯ বছর বয়সী চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে এ৪৬ সড়ক হয়ে এ৪৩৯ ওয়ারউইক রোডের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পালানোর প্রায় পনেরো মিনিট পর অডি গাড়িটি একটি সাদা ফোর্ড পুমা গাড়ির ওপর আছড়ে পড়ে এবং আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসের স্বাস্থ্যকর্মীরা এসে চেষ্টা চালালেও অডির চালককে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করতে হয়।

ফোর্ড গাড়ির চালক সত্তর বছর বয়সী এক নারী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গাড়িতে থাকা আরেক নারী আরোহীও গুরুতর জখম হয়েছেন। স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভনের এমপি ম্যানুয়েলা পার্তেগেলা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা স্টিভ ফ্লাভেল জানান, পুলিশের সংশ্লিষ্টতার কারণে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিষয়টি ইনডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট বা আইওপিসি-কে হস্তান্তর করা হয়েছে।

#যুক্তরাজ্যখবর #সড়কদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews