সাইফ হাসান: যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রে সাইবার হা*মলা চালিয়ে উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘটনায় ইরান-ঘনিষ্ঠ হ্যাকারদের দায়ী করা হয়েছে। গত মাসে ঘটা এই হা*মলার জেরে ছোট একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ রাখতে হয়েছিল। ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অভিযান চালানোর অনুমতি দেওয়ায় পাল্টা জবাবে এই সাইবার আ*ঘাত হানা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো জানিয়েছে, হা*মলার শিকার কেন্দ্রটি ছিল একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদক এবং এর ফলে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় কোনো বড় ঝুঁকি তৈরি হয়নি। ব্রিটিশ অবকাঠামো রক্ষা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট খাতের সঙ্গে সার্বক্ষণিক কাজ করছে।
কনজারভেটিভ দলের জ্বালানি বিষয়ক মুখপাত্র ক্লেয়ার কৌতিনহো এই ঘটনাকে এক নতুন ধরনের সংঘাত হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে বিশ্ব পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে এবং এমন অবস্থায় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা যুক্তরাজ্যের জন্য অত্যন্ত জরুরি।
এর আগে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন বাহিনীকে প্রতিরক্ষামূলক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ায় ইরান যেকোনো ব্রিটিশ বা মার্কিন ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরানপন্থী হ্যাকার গোষ্ঠীগুলো তাদের সাইবার তৎপরতা বাড়াচ্ছে।
#aknews #onebanglanews #যুক্তরাজ্য #সাইবারহামলা #ইরান















