অবশেষে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’

631

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত ও সমালোচিত ছবি ‘পদ্মাবতী’ অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এই ছবি আগামী ৫ জানুয়ারি কিংবা ১২ জানুয়ারি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ইন্ডাস্ট্রির গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যম জানায়, গুজরাটের নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘পদ্মাবতী’ বিতর্ক থামতে শুরু করেছে। গেরুয়া বিগ্রেডের জয়লাভের মাধ্যমে এই ছবির মুক্তির পথ সুগম হয়েছে বলেও মনে করছেন সবাই। তাই নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মুক্তি পেতে পারে ‘পদ্মাবতী’।

ইতিহাস বিকৃতির অভিযোগে ‘পদ্মাবতী’র মুক্তির বিরুদ্ধে ভারতজুড়ে কম বিক্ষোভ হয়নি। রাজপুত করণি সেনা-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা ভারত। এমনকি ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন ও নির্মাতা বানসালিকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। শুধু তাই নয়, রাজস্থানে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাও ঘটেছে এই ‘পদ্মাবতী’ বিতর্কে।

রণবীর সিং, শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবতী’ গত ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু সেন্সর বোর্ডে পাঠানোর পরই শুরু হয় লাগাতার বিক্ষোভ। তাই বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেয়নি। এখন দেখার পালা কবে নাগাদ কাঙ্ক্ষিত সেই ছাড়পত্র মেলে আর কয় তারিখে ‘পদ্মাবতী’ সিনেমা হলের পর্দায় আসে।