সাইফ হাসান: আইল অফ ওয়াইটের ইস্ট কাউসে অবস্থিত আরএনএলআই লাইফবোট নির্মাণ কারখানার শ্রমিকরা অতিরিক্ত ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘটে নেমেছেন। ২০২৭ সালের মধ্যে এই কেন্দ্রটি বন্ধ করে উৎপাদন কার্যক্রম ডরসেটের পুলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ৭০ জন কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। স্থানান্তরের প্রস্তাবকে অনেক শ্রমিকের জন্য অবাস্তব উল্লেখ করে ইউনিয়ন ও স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
রয়েল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) তাদের ইস্ট কাউসের ইনশোর লাইফবোট সেন্টারটি বন্ধ করে কার্যক্রম পুলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকদের মধ্যে মারাত্মক অসন্তোষ তৈরি হয়েছে। রিডানডেন্সি বা ছাঁটাই প্রক্রিয়ার উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কর্মীরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন।
ইস্ট কাউসের কাউন্সিলর কার্ল লাভ আন্দোলনকারী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এই ঘটনাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ব্রিটেনের অন্যতম শীর্ষ চ্যারিটি প্রতিষ্ঠান এভাবে দ্বীপের মানুষদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় সবাই হতাশ। অনেক শ্রমিকের পক্ষেই পরিবার ছেড়ে পুলে স্থানান্তরিত হওয়া সম্ভব নয়, যার ফলে স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে।
শ্রমিক ইউনিয়ন ইউনাইটের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম প্রতিষ্ঠানের এই আচরণের তীব্র সমালোচনা করে জানান, কোনো ধরনের পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ ছাড়া কর্মীদের নতুন জায়গায় চলে যেতে বলা সম্পূর্ণ অন্যায়। উপযুক্ত ক্ষতিপূরণের প্যাকেজ নিয়ে আলোচনার দাবিতেই শ্রমিকরা বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে প্রতি বছর প্রায় ৮০টি লাইফবোট তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হতো। তবে সংস্থাটি দাবি করেছে, এটি সচল রাখতে প্রায় ৫০ লাখ পাউন্ডের বেশি বিনিয়োগ প্রয়োজন। অন্যদিকে, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের দাবি, কর্মীদের জন্য আইনগত চাহিদার চেয়েও ভালো সহায়তার সুযোগ রাখা হয়েছে এবং দাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহারের জন্যই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। ১৯ এবং ২৫ আগস্টেও আরও ধর্মঘটের কর্মসূচি রয়েছে।
#aknews #onebanglanews #rnli #uknews #workerstrike















