এয়ারবিএনবিতে অবৈধভাবে সামাজিক আবাসন ভাড়া, তথ্য আদান-প্রদান শুরু কাউন্সিল ও Airbnb-এর

53

ইংল্যান্ডে সামাজিক আবাসন (সোশ্যাল হাউজিং) অবৈধভাবে এয়ারবিএনবিতে (Airbnb) স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া ঠেকাতে স্থানীয় কাউন্সিল ও Airbnb যৌথভাবে তথ্য আদান-প্রদান শুরু করেছে।

সরকারের ক্যাবিনেট অফিসের জালিয়াতি দমন বিভাগ সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে কাউন্সিলগুলো সামাজিক আবাসনের তথ্য Airbnb-এর তালিকার সঙ্গে মিলিয়ে অবৈধ সাবলেট শনাক্ত করবে। সরকারের ভাষায়, এটি “সামাজিক আবাসন জালিয়াতি” রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

টেন্যান্সি ফ্রড ফোরামের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে প্রায় ৬ হাজার সামাজিক আবাসন অবৈধভাবে স্বল্পমেয়াদি ভাড়ার প্ল্যাটফর্মে সাবলেট করা হচ্ছে বলে ধারণা করা হয়।

এ পর্যন্ত অংশগ্রহণকারী স্থানীয় কর্তৃপক্ষগুলোর তদন্তে ৪৭০টি সামাজিক আবাসন জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের উচ্ছেদ, জরিমানা এবং সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

তবে কয়েকটি আবাসন-অধিকারভিত্তিক সংগঠনের মতে, অবৈধ সাবলেট বন্ধ করা হলেও এর প্রভাব দেশের চলমান তীব্র আবাসন সংকট মোকাবিলায় খুবই সীমিত হবে।

ক্যাবিনেট অফিস জানিয়েছে, কোনো ভাড়াটিয়া একটি কক্ষ সাবলেট করতে পারবেন কি না, তা তার ভাড়ার চুক্তির শর্তের ওপর নির্ভর করে এবং অনেক ক্ষেত্রে কাউন্সিলের অনুমতি প্রয়োজন হয়। তবে সম্পূর্ণ সামাজিক আবাসন অন্যের কাছে ভাড়া দেওয়া আইনত অপরাধ

সরকারের ধারণা, এই ধরনের প্রতারণার সঙ্গে এমন ব্যক্তিরাও জড়িত থাকতে পারেন, যাদের একাধিক বাড়ি রয়েছে অথবা যারা বিদেশে বসবাস করেও সামাজিক আবাসনের সুবিধা ভোগ করছেন।

সরকারের হিসাব অনুযায়ী, প্রতিটি জালিয়াতির ঘটনায় গড়ে ৭৮ হাজার ৩০০ পাউন্ড পর্যন্ত ক্ষতির মুখে পড়েন করদাতারা। এর মধ্যে প্রকৃত আবেদনকারীদের অস্থায়ী আবাসনের ব্যয়, সম্পত্তি পুনরুদ্ধারের আইনি খরচ এবং খালি থাকার সময়ের ভাড়া হারানোর মতো ব্যয় অন্তর্ভুক্ত।