যুক্তরাজ্যে তৃতীয় তাপপ্রবাহ: টানা ১০ দিন ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রার আশঙ্কা

32

যুক্তরাজ্যে বছরের তৃতীয় তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে টানা ১০ দিন পর্যন্ত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬°F)-এর বেশি থাকতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে তাপ আরও বাড়বে এবং কোথাও কোথাও সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস (৯৩°F) পর্যন্ত পৌঁছাতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (UKHSA) মিডল্যান্ডস, পূর্ব ও দক্ষিণ ইংল্যান্ডে ৮ জুলাই সকাল ৯টা থেকে ১২ জুলাই রাত ৯টা পর্যন্ত অ্যাম্বার হিট-হেলথ অ্যালার্ট জারি করেছে। একই সময়ের জন্য উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ইয়েলো হিট-হেলথ অ্যালার্ট কার্যকর থাকবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে চাপ বাড়তে পারে। বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তীব্র গরমের কারণে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বিকেল থেকেই দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কিছু এলাকায় আনুষ্ঠানিকভাবে হিটওয়েভ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। সপ্তাহজুড়ে আরও কয়েকটি অঞ্চল স্থানীয় তাপমাত্রার নির্ধারিত সীমা অতিক্রম করতে পারে।

বুধবার থেকে ইংল্যান্ড ও পূর্ব ওয়েলসের অনেক এলাকায় তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

যদিও এই তাপপ্রবাহ জুনের শেষের ভয়াবহ গরমের মতো তীব্র হওয়ার সম্ভাবনা কম, যখন তাপমাত্রা রেকর্ড ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তবে কিছু আবহাওয়া মডেল ইঙ্গিত দিচ্ছে, সপ্তাহের শেষ দিকে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এবারের তাপপ্রবাহের একটি স্বস্তির দিক হলো রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জুন মাসের মতো অধিকাংশ এলাকায় রাতভর ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। তবে বড় শহরগুলোতে রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং কিছু এলাকায় ট্রপিক্যাল নাইটও দেখা যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এবারের তাপপ্রবাহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে এর দীর্ঘস্থায়িত্ব। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাজ্যের কোথাও না কোথাও টানা ১০ দিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হতে পারে। তুলনায়, জুনের তাপপ্রবাহে টানা ৭ দিন এবং মে মাসের তাপপ্রবাহে টানা ৬ দিন ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।