যুক্তরাজ্যে বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় যুবকের কারাদণ্ড, চুরি করা বিএমডব্লিউ চালিয়ে ভিডিও ধারণ

31

যুক্তরাজ্যের সাটন, ক্রয়ডন ও সারের বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে চুরি করে বিলাসবহুল গাড়ি নিয়ে পালানোর ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে প্রায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দোষী লিয়াম ক্যারল, যিনি সাটনের ওয়ালিংটনের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে তিনি অন্তত ছয়টি উচ্চমূল্যের গাড়ি চুরি করেন। এসব গাড়ির মোট মূল্য ছিল প্রায় ১ লাখ ৭১ হাজার ৫০০ পাউন্ড।

পুলিশ জানায়, ক্যারল রাতে বাড়িতে ঢুকে গাড়ির চাবি চুরি করতেন। এরপর বিএমডব্লিউ, মার্সিডিজ ও পোরশে ৯১১সহ বিভিন্ন বিলাসবহুল গাড়ি নিয়ে পালিয়ে যেতেন। চুরি করা একটি বিএমডব্লিউ চালানোর সময় তিনি নিজের ভিডিওও ধারণ করেন, যা পরে তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।

তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে পুলিশ। একটি বাড়ির ভেতরে ক্যারলের আঙুলের ছাপ পাওয়া যায়। এছাড়া এক ভুক্তভোগীর ড্রাইভিং লাইসেন্স তার বাড়ির কাছের ঝোপে উদ্ধার হয়। আরেকটি অভিযানে তার বাড়ি থেকে একটি চুরির ঘটনায় ভাঙা দরজার তালাও উদ্ধার করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ট্যাডওয়ার্থ এলাকা থেকে একটি BMW 520D চুরি করেন। পরে সেই গাড়ি চালানোর ভিডিও এবং আরেকটি চুরি হওয়া লাল রঙের বিএমডব্লিউর ভিডিও পাওয়া যায়। প্রায় ২৩ হাজার পাউন্ড মূল্যের দুটি গাড়িই পরে উদ্ধার করা সম্ভব হয়।

এছাড়া দক্ষিণ ক্রয়ডনের পার্লি এলাকা থেকে চুরি হওয়া প্রায় ২৪ হাজার ৫০০ পাউন্ড মূল্যের একটি BMW 320D-এর সঙ্গে ক্যারলের একাধিক ছবি ও ভিডিও উদ্ধার করে পুলিশ। তবে গাড়িটি এখনো উদ্ধার করা যায়নি।

তার সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে সাটনে। সেখানে একটি বাড়ির দরজার তালা ভেঙে তিনি ৬৫ হাজার পাউন্ডের বেশি মূল্যমানের একটি Porsche 911-এর চাবি নিয়ে গাড়িটি চুরি করেন। গাড়িটি উদ্ধার না হলেও পরে তার বাড়ি থেকে সেই ভাঙা দরজার তালা উদ্ধার করা হয়।

পরবর্তীতে শর্তসাপেক্ষ জামিনে মুক্ত থাকা অবস্থায়ও তিনি আবার চুরি করেন। চিয়াম এলাকায় একটি বাড়ির পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে, ঘুমিয়ে থাকা বাসিন্দার অজান্তে BMW i5 Touring M Sport-এর চাবি নিয়ে গাড়িটি চুরি করেন। সিসিটিভি ফুটেজে তাকে গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

আদালতে ক্যারল ছয়টি মোটরযান চুরি, চারটি চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ (বার্গলারি) এবং একটি চুরির চেষ্টার অভিযোগ স্বীকার করেন।

এরপর ১২ জুন গিল্ডফোর্ড ক্রাউন কোর্ট তাকে ২ বছর ১১ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ২২৮ পাউন্ড আদালতের খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা পিসি জো ব্রাউন বলেন, “ক্যারল বারবার মানুষের বাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের কঠোর পরিশ্রমে কেনা গাড়ি চুরি করেছে। এতে ভুক্তভোগীরা শুধু আর্থিক ক্ষতির শিকার হননি, বরং নিজেদের ঘরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফরেনসিক প্রমাণ, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্যের সমন্বয়ে আমরা তার বিরুদ্ধে শক্তিশালী মামলা গড়ে তুলতে সক্ষম হয়েছি।”