‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির তৃতীয় গান প্রকাশ

1127

বিনোদন ডেস্ক: ট্রেইলার থেকে শুরু করে ছবিটির প্রথম দুটি গান, ইউটিউবে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর কোনো ভিডিও মানেই যেন বিশাল হিট। আর সে ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির তৃতীয় গান ‘জিন্দা হ্যায়’। জি নিউজের খবরে প্রকাশ, এবার গানের সঙ্গে থাকছে না কোনো ভিন্নধর্মী নৃত্য বা সালমান খান ও ক্যাটরিনা কাইফের রোমান্স। বরং স্টান্টবাজি আর ছবির অ্যাকশন দৃশ্যের সংকলন দিয়ে সাজানো হয়েছে এবারের গান।

‘জিন্দা হ্যায়’ শিরোনামে গানটি গেয়েছেন সুখবিন্দর সিং। আর গানের মাঝখানের র‍্যাপ গেয়েছেন রাফতার (দিলিন নাইর)। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশাল-শেখর। গানে দেখানো অ্যাকশন আর স্ট্যান্টসহ গোটা ছবির স্ট্যান্ট পরিচালনার দায়িত্বে ছিলেন হলিউডের স্ট্যান্ট মাস্টার টম সাউদার্স।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। যার শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে টানা পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আসন্ন বড়দিনকে কেন্দ্র করে ২২ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন ‘রেস ৩’ ছবির শুটিং নিয়ে। ২০১৮ সালে ঈদকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে ছবিটি। এ ছাড়া বছরের মাঝামাঝি ‘দাবাং ৩’-এর শুটিং শুরু করার কথা রয়েছে সালমানের।

অন্যদিকে শাহরুখ খানের বিপরীতে আনন্দ এল রায়ের পরবর্তী ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির অপর গুরুত্বপূর্ণ চরিত্র ক্যাটরিনা কাইফ। এ ছাড়া আমির খানের আসন্ন ছবি ‘থাগস অব হিন্দুস্তানে’ দেখা যাবে ক্যাটরিনাকে।