ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও ম্যান ইউ। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে য়্যুর্গেন ক্লপের দল।
ফিলিপে কৌতিনিয়ো, রবার্তো ফিরমিনো এবং ছন্দে থাকা মোহামেদ সালার গোলে বড় জয় পায় লিভারপুল। দারুণ এক গোলে শুরুটা করেন কৌতিনিয়ো। ছয় মিনিট পর তারই নেয়া কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেইয়ান লোভরেন।
বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ সালাহ। খেলার ৬৬ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ফিরমিনো। এ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুচকে ওয়েস্ট ব্রমউইচকে ২-১ গোলে হারিয়েছে হোসে মোরিনিয়োর শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে খেলার ২৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েই দলকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। মার্কাস রাশফোর্ডের বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়ান বেলজিয়ামের এ ফরোয়ার্ড। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড।
খেলার ৭৭ মিনিটে ইংলিশ মিডফিল্ডার গ্যারেথ ব্যারি’র স্কোরে এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি ব্রমউইচ। এতে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলো রেড ডেভিলরা। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যান সিটি।















