আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। খবর বিবিসি’র।
৫৯ বছর বয়সী চ্যান হান চোই এর বিরুদ্ধে অভিযোগ, উত্তর কোরিয়া থেকে অবৈধ সরঞ্জাম আমদানি এবং বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
পুলিশের অভিযোগ, জাতিসংঘ এবং অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন চ্যান। উল্লেখ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বাস করছেন চ্যান। দেশটির ইতিহাসে এ ধরনের অভিযোগ এই প্রথম।
১৯৯৫ সালে অস্ট্রেলিয়ায় বড় ধরণের ধ্বংসযজ্ঞ রোধে অস্ত্র বিরোধী আইন চালু হয়। তারপর এই প্রথম কোনো ব্যক্তিকে ওই আইনের আওতায় অভিযুক্ত করা হল।
উত্তর কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়ার দাবি করেছে অস্ট্রেলিয় পুলিশ।
তাদের দাবি, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের মতো অস্ত্র বাইরের দেশগুলোর কাছে বিক্রির কাজে নিয়োজিত ছিলেন অভিযুক্ত চ্যান।
উত্তর কোরিয়া থেকে অবৈধ উপায়ে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে কয়লা চালানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর ছয়টি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।















