পাকিস্তানের চার্চে আত্মঘাতী হামলা: নিহত ৮

632

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার পাকিস্তানের কোয়েটার এক গির্জায় আত্মঘাতী হামলা চালানো হলে নিহত হয়েছেন অন্তত আট প্রার্থনাকারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

পুলিশ জানায়, রবিবার বালুচিসান প্রদেশের রাজধানী কোয়েটার জারঘন রোডে অবস্থিত বেথেল মেমরিয়াল চার্চটিতে প্রার্থনা চলাকালে সেখানে হামলা চালায় অন্তত চার সন্ত্রাসী।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতি সেখানে অন্তত দুই হামলাকারী জড়িত থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলাকারীদের একজন চার্চের গেটেই পুলিশের হাতে নিহত হয়। তখন সুইসাইডাল ভেস্ট পরা অন্য একজন ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।’

প্রাদেশিক পুলিশের ডিআইজি আবাদুল রাজ্জাক চিমা বলেন, ঘটনার সঙ্গে আরও দু’জন জড়িত ছিল কিন্তু পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পরে তারা পালিয়ে যায়।’ পুলিশ পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধাওয়া করে হত্যা করেছে বলে জানান তিনি।

হামলায় আট প্রার্থনাকারী নিহত এবং বিশ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

প্রাদেশিক পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ জানান, চার্চের ভেতরে ঢোকার আগে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়।

তিনি বলেন, ‘চার্চের ভেতরে তখন প্রায় চারশ’ মানুষ ছিলেন। কিন্তু সন্ত্রাসীরা চার্চের মূল অংশে ঢুকতে পারেনি। তাদের একজন আমাদের হাতে নিহত হয়েছে এবং বাকি একজন পুলিশের গুলিতে আহত হওয়ার পর নিজেকে উড়িয়ে দিয়েছে।’

জাহ জানান, চার্চটি সবসময়ের জন্য নিরাপত্তারক্ষী নিয়োজিত রাখে। কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্থাপনাগুলো প্রায়ই উগ্রপন্থি মুসলিমদের আক্রমণের শিকার হয়।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

হামলার পর কোয়েটার সব হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আক্রান্ত এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ।

সূত্র: ডন