চাগোস দ্বীপ ইস্যুতে যুক্তরাজ্যের পরিকল্পনা স্থগিত

29

মরিশাসের কাছে দ্বীপপুঞ্জ হস্তান্তরের আইন পাসের সময় শেষ হয়ে যাওয়ায় যুক্তরাজ্য পরিকল্পনা স্থগিত করেছে, কারণ যুক্তরাষ্ট্র সমর্থন প্রত্যাহার করেছে।

যুক্তরাজ্য সরকার মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এই চুক্তির প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। সরকারি কর্মকর্তারা শুক্রবার স্বীকার করেছেন, বর্তমান পার্লামেন্ট অধিবেশন শেষ হওয়ার আগে আইনটি পাস করার সময় আর নেই। 

চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া রয়েছে। মরিশাসের কাছে দ্বীপগুলোর সার্বভৌমত্ব হস্তান্তরের পরিকল্পনা ছিল, তবে সামরিক ঘাঁটিটি দীর্ঘমেয়াদে ব্যবহার চালিয়ে যাওয়ার লক্ষ্য ছিল। 

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয়। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

সরকারি মুখপাত্র বলেন, ডিয়েগো গার্সিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক সম্পদ, এবং এর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাই চুক্তির মূল লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তারা এই চুক্তি এগিয়ে নেবে না। 

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে দিত এবং বৃহত্তম দ্বীপ ডিয়েগো গার্সিয়া ৯৯ বছরের জন্য ইজারা নিয়ে যৌথ সামরিক ঘাঁটি চালু রাখত। 

এই আইন এখন মে মাসে রাজার ভাষণে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই, যেখানে আগামী পার্লামেন্টের আইনগত পরিকল্পনা ঘোষণা করা হয়। 

১৯৬৫ সালে চাগোস দ্বীপপুঞ্জকে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি ঘোষণা করা হয় এবং ১৯৬৮ সালে মরিশাস স্বাধীন হওয়ার আগে দ্বীপগুলো আলাদা করা হয়। সেই সময় হাজার হাজার দ্বীপবাসীকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যা নিয়ে এখনো আইনি লড়াই চলছে।