NASUWT জানিয়েছে, যুক্তরাজ্যে শিক্ষকদের জন্য পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহে বাড়ানো উচিত, যাতে ৩০-এর কোঠার নারী শিক্ষকদের পেশা ছাড়ার প্রবণতা কমানো যায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক Matt Wrack বলেন, পর্যাপ্ত মাতৃত্বকালীন সুবিধা না থাকায় অনেক শিক্ষক চাকরি ছাড়ছেন, যা “জাতীয় কেলেঙ্কারি” হিসেবে দেখা উচিত।
তিনি আরও বলেন, মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন এবং নমনীয় কর্মব্যবস্থার সুবিধা দ্রুত উন্নত না করলে শিক্ষক ধরে রাখার সরকারি উদ্যোগ ব্যাহত হবে।
সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, ২০২৭–২৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষকদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ৪ সপ্তাহ থেকে বাড়িয়ে ৮ সপ্তাহ করা হবে। Department for Education জানিয়েছে, ২৫ বছরের বেশি সময় পর এটি প্রথম বড় পরিবর্তন।
তবে ম্যাট র্যাক বলেন, সরকারি ও বেসরকারি অন্য খাতে মাতৃত্বকালীন সুবিধা অনেক বেশি। উদাহরণ হিসেবে তিনি বলেন, পশ্চিম মিডল্যান্ডসে নারী ফায়ারফাইটাররা ৫২ সপ্তাহ পূর্ণ বেতনসহ ছুটি পান।
এক জরিপে দেখা গেছে: ৩০-এর কোঠার নারীরাই সবচেয়ে বেশি শিক্ষকতা ছাড়ছেন। ৯৫% শিক্ষক বলেছেন, কাজ ও পরিবার সামলানো কঠিন। ৭০% শিক্ষক সন্তানদের কারণে চাকরি ছাড়ার কথা ভেবেছেন। ৭৭% শিক্ষক আরও ছুটি নিতে চাইলেও আর্থিক কারণে পারেননি। জরিপে আরও উঠে এসেছে, কিছু স্কুল কর্তৃপক্ষ গর্ভবতী শিক্ষকদের যথাযথ সহায়তা দেয়নি।
সংগঠনটি এখন যুক্তরাজ্যজুড়ে সরকারগুলোর সঙ্গে আলোচনা করে ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি চালুর দাবি তুলবে।















