ঢাকা সংবাদদাতা: যশোরের ঝিকরগাছা উপজেলায় মিলন হোসেন নামে এক ছাত্রলীগকর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের পূজামণ্ডপের পাশে এ ঘটনা ঘটে। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত মিলন একই উপজেলার কাটাখাল গ্রামের আলম হোসেনের ছেলে।
নিহতের খালাত ভাই মিজানুর রহমান বলেন, তার খালাত ভাই মিলন হোসেন শহিদ মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি ঝিকরগাছা উপজেলার ছাত্রলীগকর্মী ছিলেন। দুপুর আড়াইটার দিকে মহান বিজয় দিবসের কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে পূজামণ্ডপের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে আহত করে। এসময় পরিবারের লোকজন খবর পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই মিলন হোসেন মারা গেছে। ধারণা করা হচ্ছে- বামপাশের পেটে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম বলেন, শুনেছি-পূজামণ্ডপের কাছে ছুরিকাঘাতে আহত মিলন হাসপাতালে মারা গেছে। খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। যারা খুন করেছে তাদের আটকের চেষ্টা চলছে৷ এই মুহূর্তে খুনিদের নাম বলা যাবে না। তবে প্রকৃত ঘটনা উৎঘাটনের চেষ্টা চলছে।















