জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার এড়াতে চালকদের পরামর্শ

130

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি তেলের দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হয়েছে।

ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে চালকদের অপ্রয়োজনীয় গাড়ি ভ্রমণ এড়াতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা এখন পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির চালকদের সম্ভব হলে গাড়ি কম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, যাতে বাড়তি খরচ কমানো যায়। যুক্তরাজ্যজুড়ে জ্বালানির দাম ইতোমধ্যেই দ্রুত বেড়ে গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার (প্রায় ৭৫ পাউন্ড) ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর প্রথমবার। এর প্রভাব ঘরোয়া বাজারেও পড়ছে চালকেরা দেখছেন পেট্রোলের দাম ইতোমধ্যে ৫ পেন্স বেড়ে লিটারপ্রতি ১৩৭.৫ পেন্স হয়েছে, আর ডিজেলের দাম ৯ পেন্স বেড়ে লিটারপ্রতি ১৫১ পেন্সে পৌঁছেছে।

এএ (AA)-এর সভাপতি এডমন্ড কিং বলেন,

“এই সংঘাত যত দীর্ঘ হবে, তেলের দামের ওপর প্রভাব তত বাড়বে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালেই বাজার, পরিবহন খাত এবং চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পাম্পে জ্বালানির দাম ধীরে ধীরে বাড়বে, তবে তা রাতারাতি হওয়ার কথা নয়, কারণ আগের দামে কেনা জ্বালানি এখনও সরবরাহে রয়েছে।”

তিনি আরও বলেন, চালকদের জ্বালানি নেওয়ার অভ্যাস পরিবর্তন না করলেও অপ্রয়োজনীয় কিছু ভ্রমণ কমিয়ে আনা এবং গাড়ি চালানোর ধরনে পরিবর্তন এনে জ্বালানি সাশ্রয় করা যেতে পারে।

এদিকে জ্বালানি সংকটের কারণে সরকারও পদক্ষেপ নিয়েছে। চ্যান্সেলর র‍্যাচেল রিভস আজ জি৭ দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন, কীভাবে বাড়তি খরচের চাপ কমানো যায় তা নিয়ে আলোচনা করতে।