খুলনা বিভাগে বিএনপির চরম বিপর্যয় এবং ২৫ আসনে জামায়াতের ঐতিহাসিক জয়

149

সাইফ হাসান: খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ২৫টিতেই বিশাল জয় পেয়েছে জামায়াতে ইসলামী। যেখানে বিএনপি মাত্র ১১টি আসনে জয় পেয়ে চরম রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থী নির্বাচনে ভুলের কারণে বিএনপির এমন ভরাডুবি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে সুসংগঠিত প্রচারণা এবং সীমান্তবর্তী এলাকায় বিশেষ কৌশলের কারণে অভাবনীয় সাফল্য পেয়েছে জামায়াত। প্রথমবারের মতো এই বিভাগে জামায়াতের এমন একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা গেল।

খুলনা বিভাগের ১০টি জেলার নির্বাচনী ফলাফলে জামায়াতের বড় ধরনের উত্থান ঘটেছে। সারা দেশে দলটি যে ৬৮টি আসন পেয়েছে তার বড় একটি অংশ এসেছে এই বিভাগ থেকে। বিপরীতে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির তৃণমূলের সঙ্গে সমন্বয়হীনতা এবং শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন পরাজয়ের অন্যতম কারণ। অন্যদিকে জামায়াত তাদের নারী কর্মীদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালিয়েছে যা তাদের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতবিরোধী মনোভাবও জামায়াতের পক্ষে ভোট টানতে সাহায্য করেছে।

যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে জামায়াত আর বিএনপি জিতেছে মাত্র ১টিতে। নড়াইল ও কুষ্টিয়াতেও জামায়াতের দাপট ছিল লক্ষ্য করার মতো। তবে বিস্ময়করভাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে পরাজিত হয়েছেন।

নির্বাচনের পর এখন এই বিপর্যয়ের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্ত এবং বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতির কারণে তারা অনেক নিশ্চিত আসন হারিয়েছেন। আগামী দিনে হারানো জনসমর্থন ফিরে পেতে তারা সাংগঠনিক পুনর্গঠনের ওপর জোর দেওয়ার কথা ভাবছেন।

#নির্বাচন #খুলনা #বিএনপি #জামায়াত #aknews #onebanglanews