প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

88

সাইফ হাসান: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদের হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত এক বছরে তার মোট সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের এই সম্পদের বিবরণী প্রকাশ করা হয়। স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান জানিয়েই মূলত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকার বেশি বলে বিবরণীতে জানানো হয়েছে। গত অর্থবছরের তুলনায় তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকার মতো। সঞ্চয়পত্র নগদায়ন এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কারণে এই সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

ড. ইউনূসের আর্থিক সম্পদের বড় অংশ রয়েছে ব্যাংক জমা এবং সঞ্চয়পত্রে যার পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ টাকার ওপরে। এছাড়া দেশের বাইরেও তার প্রায় ৬৪ লাখ ৭৩ হাজার টাকার সম্পদ রয়েছে। তবে জমি বা ফ্ল্যাটের মতো অ-আর্থিক সম্পদের পরিমাণ ২১ লাখ টাকার কিছু বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের তথ্যও এই বিবরণীতে প্রকাশ করা হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকার কিছু বেশি যা আগের বছরের তুলনায় কমেছে। তার প্রায় ১৭ লাখ টাকার মতো দেনা থাকলেও ড. ইউনূসের কোনো ব্যক্তিগত দায় বা ঋণ নেই।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে উপদেষ্টারা তাদের সম্পদ প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই নীতিমালার আলোকেই আজ সব উপদেষ্টার আয় ও ব্যয়ের তথ্য জনসমক্ষে আনা হলো। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে এই নিয়ম বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

#প্রধানউপদেষ্টা #ডইউনূস #সম্পদেরহিসাব #aknews #onebanglanews