সাইফ হাসান: নেসলে এবং ড্যানোনের মতো জনপ্রিয় ব্র্যান্ডের বেবি ফর্মুলায় বিষাক্ত উপাদানের সন্ধান পেয়েছে ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি। এসব দুধে সিরিউলাইড নামক একটি বিষাক্ত টক্সিন পাওয়া গেছে যা শিশুদের বমি ও অসুস্থতার কারণ হতে পারে। ইতিমধ্যে বাজার থেকে নেসলের বেশ কিছু ব্যাচ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বড় ধরণের দুশ্চিন্তা দেখা দিয়েছে। অভিভাবকদেকে সতর্ক থাকার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।
ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি বা এফএসএ নিশ্চিত করেছে যে নেসলের এসএমএ ব্র্যান্ডের বেশ কয়েকটি বেবি ফর্মুলা পণ্যে টক্সিন পাওয়া গেছে। মূলত আরাকিডোনিক অ্যাসিড অয়েলে এই সমস্যা দেখা দিয়েছে যা একটি নির্দিষ্ট সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। এই একই তেল ব্যবহারের কারণে ড্যানোনের অ্যাপটামিল ব্র্যান্ডের কিছু দুধেও দূষণ ধরা পড়েছে।
নেসলে তাদের এসএমএ অ্যাডভান্সড ফার্স্ট ইনফ্যান্ট মিল্ক, অ্যান্টি রিফ্লাক্স এবং ল্যাকটোজ ফ্রি সহ আরও বেশ কিছু পণ্যের নির্দিষ্ট ব্যাচ বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে। অন্যদিকে ড্যানোনের অ্যাপটামিল ফার্স্ট ইনফ্যান্ট ফর্মুলার ৮০০ গ্রাম প্যাকের একটি নির্দিষ্ট ব্যাচও সরিয়ে ফেলা হচ্ছে। এফএসএ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা দ্রুত এই সরবরাহকারীর সব পণ্য শনাক্ত করার চেষ্টা করছে।
নেসলে কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা গত ৫ জানুয়ারি থেকে স্বেচ্ছায় পণ্যগুলো বাজার থেকে তুলে নেওয়ার কাজ শুরু করেছে। তারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যের সাথে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে যে কেনা দুধের প্যাকেটের নিচের কোড যেন কোম্পানির ওয়েবসাইটের সাথে মিলিয়ে দেখা হয়।
#বেবিফর্মুলা #নেসলে #সতর্কবার্তা #aknews #onebanglanews















