থাকার অযোগ্য ঘর ভাড়া দিয়ে ৮১ হাজার পাউন্ড জরিমানা দিলেন এক বাড়িওয়ালা

123

সাইফ হাসান: লন্ডনে নিজের বাড়ির বাগানে একটি থাকার অযোগ্য ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলেন এক বাড়িওয়ালা। সেখানে একটি শিশুসহ পুরো পরিবার মানবেতরভাবে বসবাস করছিলো যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কাউন্সিলের নির্দেশ অমান্য করে এই কাজ করায় অবশেষে তাকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আদালত তার এই কাজকে বড় ধরণের অবহেলা হিসেবে দেখেছে এবং কঠোর শাস্তি দিয়েছে।

উইন্ডসর বার্কশায়ারের বাসিন্দা রাজিন্দর সিং পান্ডার পশ্চিম লন্ডনের হেসটনে একটি বাড়ির মালিক। তিনি সেই বাড়ির বাগানে একটি ছোট ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলেন। কাউন্সিল তাকে সেই অনিরাপদ ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও তিনি তা মানেননি।

কাউন্সিলের নির্দেশ অমান্য করে তিনি সেখানে একটি পরিবারকে ভাড়া দেন, যেখানে একটি ছোট বাচ্চাও ছিল। মাত্র ২৫ বর্গমিটারের ওই ঘরে রান্নাঘর ও বাথরুম থাকলেও তা বসবাসের জন্য একদমই উপযুক্ত ছিল না। পরিবারটি সেখানে দুই বছর ধরে অত্যন্ত কষ্টে দিন পার করছিল।

গত ২৩ ডিসেম্বর আইলওয়ার্থ ক্রাউন কোর্ট তাকে সব মিলিয়ে ৮১ হাজার ৪৩ পাউন্ড পরিশোধ করার নির্দেশ দেয়। এর মধ্যে ৫৯ হাজার পাউন্ড তিনি ভাড়া হিসেবে আয় করেছিলেন, যা বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। শুরুতে তাকে ২১ হাজার পাউন্ড জরিমানা করা হলেও আগেই দোষ স্বীকার করায় তা কমিয়ে ১৪ হাজার করা হয়।

হাউন্সলো কাউন্সিলের ডেপুটি লিডার টম ব্রুস এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা মানুষের নিরাপত্তার চেয়ে লাভকে বেশি গুরুত্ব দেয় তাদের ছাড় দেওয়া হবে না। এমন ঘটনার খবর পেলে তিনি সবাইকে দ্রুত রিপোর্ট করার অনুরোধ জানিয়েছেন।

#LondonNews #LandlordFine #HounslowCouncil #BanglaNews #aknews #onebanglanews