সাইফ হাসান: লন্ডনে গাড়ি চু*রি মহামারি আকার ধারণ করলেও প্রায় ৯০ শতাংশ ঘটনার কোনো কিনারা করতে পারছে না পুলিশ। মেট্রোপলিটন পুলিশের ব্যর্থতায় অধিকাংশ অ*পরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই সংকটে গাড়ি চু*রি রোধে একটি জাতীয় বিশেষজ্ঞ দল গঠনের দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা। সরকারি হিসেবে গাড়ি চু*রি কিছুটা কমলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমছে না। ব্রিটেনের রাজধানী এখন গাড়ি চু*রি ও অ*পরাধের নিরাপদ চারণভূমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাউস অব কমন্স লাইব্রেরির প্রকাশিত তথ্যে দেখা গেছে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গাড়ি চুরির ঘটনা তদন্তে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে। রাজধানীর প্রায় ৮৮ দশমিক ৫ শতাংশ চুরির ঘটনায় কোনো অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি সিটি অব লন্ডন পুলিশের ক্ষেত্রেও এই ব্যর্থতার হার প্রায় ৮১ শতাংশের বেশি।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, গাড়ি চুরির ঘটনা ভুক্তভোগী ও কমিউনিটির ওপর গভীর প্রভাব ফেলে। তবে পুলিশ দাবি করেছে, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত লন্ডনে গাড়ি চুরির অপরাধ প্রায় ১৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর যেখানে রেকর্ড করা অপরাধের সংখ্যা ছিল ৭১ হাজার ৯২৯টি, সেখানে এ বছর তা ৬১ হাজার ৩৬২টিতে নেমে এসেছে।
লিবারেল ডেমোক্র্যাটরা এই সংকট মোকাবিলায় ন্যাশনাল ক্রাইম এজেন্সির অধীনে একটি বিশেষ ক্র্যাক টিম গঠনের আহ্বান জানিয়েছে। তারা মনে করেন, ইন্স্যুরেন্স রেকর্ড এবং অটোমেটিক নম্বর প্লেট রিডার ক্যামেরার তথ্য ব্যবহার করে সংগঠিত চোর চক্রকে দমন করা সম্ভব। দলটির মতে, দীর্ঘদিনের বাজেট ঘাটতির কারণে পুলিশের কার্যকারিতা কমে গেছে।
অন্যদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাড়ি চুরি রোধে তারা নতুন আইন প্রণয়ন করছে। বিশেষ করে গাড়ি চুরিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিষিদ্ধ করার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারের দাবি অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত গাড়ি চুরির ঘটনা আগের বছরের তুলনায় ৭ শতাংশ কমেছে।
#লন্ডন #গাড়িচুরি #ব্রিটেন #aknews #onebanglanews















